প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 28, 2025 ইং
আস্থা নেই এমন আদালতে লড়ব না’—আইসিটি মামলায় সরে দাঁড়ালেন জেড আই খান পান্না

নিউজ ডেস্ক,চট্টগ্রাম
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।ভিডিও বার্তায় মামলা থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে জেড আই খান পান্না বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।অপরদিকে, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রক্রিয়া ও পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে, তার ফরমাল চিঠি (আনুষ্ঠানিক পত্র) এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে (আনুষ্ঠানিক প্রক্রিয়ায়) পদত্যাগের বিষয়টি জানাব।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট