প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2026 ইং
অস্ত্রসহ ডেভিড ইমনের সহযোগী গলাকাটা মোবারক গ্রেফতার

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, মোবারক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনের সহযোগী।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রসহ মোবারককে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, গ্রেফতার মোবারক এলাকায় ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত। তিনি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মোবারক নামে একজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট