প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 16, 2026 ইং
সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় তৈরি একনলা দুটি বন্দুক, ধারালো একটি কিরিচ ও দুটি গুলিসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার মার্দাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণপ্রকল্প এলাকার একটি গাছ বাগানের ভেতর থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কক্সবাজারের খুরুশকুলের ডেইলপাড়া এলাকার আবুল কালামের ছেলে মো. রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজানের রহমতপাডা এলাকার মোহাম্মদ মজনুর ছেলে মো. আকিব (২০) ও রাউজানের আলিখীল এলাকার আইয়ুব আলীর ছেলে মো. রবিন (২৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণপ্রকল্প এলাকায় এজাহার সিকদারের আকাশমনি গাছ বাগানের ভেতরে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি স্থানীয় লোকজন বুঝতে পেরে পুলিশের কাছে খবর দেন। পরে ওই এলাকায় পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় অস্ত্রশস্ত্রসহ ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, গতকাল বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় তৈরি একনলা দুটি বন্দুক, ধারালো একটি কিরিচ ও দুটি গুলিসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃত ৩ জনকে আদালতে পাঠানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট