প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধ্বসে শ্রমিকের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন তোরনের ছাদ ধ্বসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন (২৮)। সে মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।
জানা গেছে, রোববার সকালে একই উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় মোজাম্মেল হোসেনের বাড়ির বাউন্ডারি ওয়ালের নির্মাণাধীন তোরনের সেন্টারিং খোলার সময় ধ্বসে অন্তত ১৫ ফিট নিচে ইট কংক্রিটের চাপায় পড়ে যায়। পরে স্থানীয়রা প্রায় এক ঘন্টার চেষ্টায় উদ্ধার করলে ততক্ষণে সে মারা যায়। অভিযোগ রয়েছে, তোরণটি নির্মাণে ঢালায় দেয়া হয় গত বৃহস্পতিবার সকালে। ৩ দিনের মাথায় সেন্টারিং খোলায় তা ধ্বসে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সকালে কিছু বুঝে উঠার আগে বিকট শব্দে এলাকা কেঁপে উঠে। বের হয়ে দেখি নির্মাণাধীন তোরনটি ভেঙ্গে কাজ করতে আসা একটি লোক সেখানে চাপা পড়ে আছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে মারা যায়।
তিনি আরো বলেন, তোরণটি ঢালায় দেয়া হয় গত বৃহস্পতিবারে। ৩ দিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও কাজের ঠিকাদার উদাসীন হয়ে তা খুলে ফেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
এবিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, দুর্ঘটনায় প্রাণ হারানো একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে মরদেহ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, নির্মাণাধীন গেইট এর তোরণ এর ছাদ ধ্বসে এক শ্রমিক মারা গেছে। মরদেহ থানায় আনা হচ্ছে। যদি এ ঘটনায় পরিবার মামলা করতে চায়, তাহলে আমরা মামলা নেব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট