প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
নির্বাচনের আগেই ঐক্যবদ্ধ বিএনপি বহিষ্কৃত নেতারা ফিরছেন দলে

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য পুনঃস্থাপনের উদ্যোগ নিয়েছে বিএনপি। লক্ষ্য—অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে এক ছাতার নিচে এনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা। নির্বাচনের কঠিন বাস্তবতা উপলব্ধি করে দলটি এখন বিভেদ দূর করে সংগঠনকে শক্তিশালী করতে মনোযোগী।
দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ায় যেসব তৃণমূল নেতা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের আবেদনের ভিত্তিতে ধাপে ধাপে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। গত কয়েকদিনে প্রায় ৬০ জন নেতাকে দলে ফেরানো হয়েছে, সর্বশেষ রবিবার আরও ৪০ জনের পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি।
দপ্তর সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের অধিকাংশই পুনর্বহালের আবেদন করেছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়া হচ্ছে এবং এ প্রক্রিয়া চলমান থাকবে। নির্বাচনে মাঠপর্যায়ে প্রভাবশালী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের ফেরানোকে বিএনপির কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর কথা বিবেচনায় রেখে সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়া চলছে। বিশ্লেষকদের মতে, রাজপথে দীর্ঘদিন সক্রিয় থাকা কর্মীদের পাশে দাঁড়ানো এবং পুরনো-নতুন নেতৃত্বের মধ্যে দূরত্ব কমানো এখন দলের বড় চ্যালেঞ্জ।
সম্প্রতি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ২ থেকে ৪২ নম্বর ওয়ার্ডের একাধিক নেতা ও সংরক্ষিত আসনের নারী নেত্রীদের বহিষ্কার করা হয়েছিল। এখন তাদের আবেদনের ভিত্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া, যিনি ব্যক্তিগত কারণে দল ছাড়েন, তাকেও পুনর্বহাল করা হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বহিষ্কৃত নেতাদের প্রত্যাবর্তন বিএনপির নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ—যেখানে মূল লক্ষ্য ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট