প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2025 ইং
কবরস্থানের উপর অশালীন কার্যক্রম, লংগদুতে ইমাম সমিতির প্রতিবাদ সংবাদ সম্মেলন

মঞ্জুরুল ইসলাম লংগদু
প্রতিনিধিঃ
রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া সিইউর টিলা এলাকায় কবরস্থানের কবরের উপর মঞ্চ তৈরি করে গানবাজনা ও বেহায়াপনা চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে লংগদু উপজেলা ইমাম সমিতি ও সর্বস্তরের ইসলাম প্রিয় জনতা।
শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২ টায় লংগদু উপজেলা থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লংগদু প্রেসক্লাব প্রাঙ্গণে এসে সংবাদ সম্মেলনে মিলিত হন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, ৪নং বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার সি ইউ টিলায় একটি নামে মাত্র বিনোদন পার্ক চালু করা হয়েছে। তারা অভিযোগ করেন, উদ্বোধনের প্রথম দিনেই কবরের উপর মঞ্চ তৈরি করে মেয়ে/ নর্তকি দিয়ে বেহায়াপনা ও জুয়ার আসর বসানো হয়।
অভিযোগের তীর আবুল কালাম নামে এক ব্যক্তির দিকে, যিনি এই কার্যক্রমের হোতা। বক্তারা তাকে 'স্বৈরাচারের দোসর' হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি নিজেকে বিভিন্ন সংগঠনের নেতা ও উচ্চপদস্থ প্রশাসনের লোকের পরিচিত বলে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন।
বক্তারা জানান, গত ১৪ নভেম্বর শুক্রবার বিকালে পার্ক উদ্বোধনের নামে যখন কবরের উপর অশালীন কার্যকলাপ শুরু হয়, তখন স্থানীয় লোকজন তাতে বাধা দেন। এতে অভিযুক্ত আবুল কালাম বাধা প্রদানকারী এক ব্যক্তিকে মারধর শুরু করেন।
পরবর্তীতে তৌহিদী জনতা খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জনরোষ থেকে বাঁচতে অভিযুক্ত ব্যক্তি ও তার সঙ্গীরা জেনারেটর বন্ধ করে দিয়ে ভেতরে নিজেদের জিনিসপত্র নিজেরাই ভাঙচুর করে পেছনের দিক দিয়ে নৌকাযোগে পালিয়ে যান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মতিন এবং লংগদু উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওঃ ইউনুছ আল হাবিবি সহ সর্বস্তরের ইমাম ও জনতা।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত ফ্যাসিস্ট প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, যা হাজারো শহীদের অন্তরে আঘাত' করছে। তারা দ্রুত এই ঘটনার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সংবাদের মাধ্যমে আবুল কালামকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট