প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
বান্দরবানের শ্রেষ্ঠ ওসি নাইক্ষ্যংছড়ির মোজাম্মেল হক

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বান্দরবান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার মানবিক ও চৌকস পুলিশ কর্মকর্তা মো. মোজাম্মেল হক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (১৭ জুন) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক পুলিশ কল্যাণ সভা শেষে জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের হাত থেকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন তিনি।
জেলা পুলিশ সূত্র জানায়, পেশাগত দক্ষতা, সততা, দায়িত্বশীলতা এবং জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জুন মাসের মূল্যায়নে মো. মোজাম্মেল হককে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ওসি মো. মোজাম্মেল হক বলেন, “জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় আমরা পুলিশকে জনতার পুলিশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। জনগণের আস্থা অর্জন এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনই আমাদের প্রধান লক্ষ্য। এ অর্জন শুধু আমার একার নয়, এটি নাইক্ষ্যংছড়ি থানার সকল পুলিশ সদস্য এবং সর্বস্তরের জনগণের।”
তিনি আরও বলেন, “আমার ওপর আস্থা রেখে শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত করায় জেলা পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও জনগণের সেবা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যারা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন, তাদের কর্মস্পৃহা বাড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত মূল্যায়ন করা হয়। মো. মোজাম্মেল হক তার দায়িত্ব পালনে দক্ষতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তার এ অর্জন অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।”
নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা ওসি মো. মোজাম্মেল হককে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ আরও বেশি পুলিশি সেবা পাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট