প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
খাগড়াছড়িতে ৯১ বৌদ্ধ বিহারে ১০ লক্ষাধিক টাকার অনুদানের চেক বিতরণ

প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯১টি বৌদ্ধ বিহারে ১০ লাখ ১ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বেলা ২টায় মুকুন্দ নীলিমা স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে প্রাপ্ত এ আর্থিক অনুদান প্রদান করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আনন্দ মহোন চাকমা, শিক্ষক ত্রিদীপ চাকমা এবং শাক্যমুনি চাকমা। এছাড়াও ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ধর্ম জ্যোতি চাকমা, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, দীঘিনালা শাখার সহ–সভাপতি অরিমানন্দ মহাস্থবির এবং সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পার্বত্য অঞ্চলের বৌদ্ধ বিহারগুলো শান্তি, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পবিত্র কেন্দ্র। এসব ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে সরকারের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। বিহার কর্তৃপক্ষকে এই অনুদান সঠিকভাবে ব্যবহার করে সমাজকল্যাণ ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট