প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2026 ইং
নাইক্ষ্যংছড়িতে তিন কোটিরও বেশি মূল্যের ইয়াবা উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায় বলে জানিয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সেগুন বাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সীমান্ত পিলার ৪৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং জারুলিয়াছড়ি বিওপি থেকে প্রায় ৮০০ গজ পূর্বে অবস্থিত একটি সেগুন বাগান এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবির আভিযানিক দল তাদের ধাওয়া করলে পাচারকারীরা নিজেদের হেফাজতে থাকা ইয়াবাগুলো ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি কার্টনে রাখা মোট ১ লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ৯৯ হাজার ৪৪টি এবং সবুজ রঙের ১ হাজার ১টি ইয়াবা ট্যাবলেট ছিল।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, মানবপাচার ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট