প্রিন্ট এর তারিখঃ Jun 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে সড়কে মাছ ফেলে জেলেদের বিক্ষোভ

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চাঁদাবাজির প্রতিবাদ এবং খাস কালেকশনের নামে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম নগরীর রানী রাসমনি ঘাটের জেলেরা।
বুধবার (২৪ জুন) সকালে নগরীর পাহাড়তলী থানাধীন ঘাটসংলগ্ন টোল রোডে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সড়কে মাছ, বরফ ও গ্যাস সিলিন্ডার রেখে প্রতীকী প্রতিবাদ জানান জেলেরা। কর্মসূচিতে জেলে সম্প্রদায়ের শতাধিক সদস্য অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঘাটে মাছ অবতরণ, নৌকা ভেড়ানো, জাল, রশি, বরফ, গ্যাস সিলিন্ডার এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার ওপর অবৈধভাবে একটি পক্ষ অর্থ আদায় করছে।
তাদের দাবি, খাস কালেকশনের নামে এসব অর্থ আদায়ের কারণে জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে তাদের ব্যবসায়িক ব্যয় বাড়ছে এবং লোকসানের শিকার হতে হচ্ছে।
রাসমনি ইলিশ ঘাটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উদ্দিন বলেন, ১৯৯৫ সাল থেকে আমি এ ঘাটে ব্যবসা করছি। এর আগে আমাদের মুরব্বিরাও এখানে ব্যবসা করেছেন। তাদের মুখেও কখনো শুনিনি যে খাজনা দিতে হয়। অথচ এখন একটি পক্ষ খাজনা দাবি করছে।
তিনি আরও বলেন, দেশের অন্যতম মাছের আড়ত ফিশারিঘাটেও কোনো খাস কালেকশন নেই। পানি, বরফ, মাছ, এমনকি চায়ের দোকান থেকেও নাকি তাদের টাকা দিতে হবে। আমরা এ সমস্যার সুষ্ঠু সমাধান চাই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট