প্রিন্ট এর তারিখঃ Jul 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 1, 2026 ইং
পরকীয়ায় বাধা দেওয়ায় কৃষকের মাথা থেঁতলে দিল যুবক

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে পরকীয়ায় বাধা দেওয়ায় ইট দিয়ে কৃষকের মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে ইকবাল হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌরসভার পন্থিছিলা এলাকার মহাদেবপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (১ জুলাই) আহত কৃষক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। ভুক্তভোগী কৃষকের নাম মোহাম্মদ সেলিম (৫৪)।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় যুবক ইকবাল হোসেন ওই এলাকার এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছেন। মঙ্গলবার রাতে স্থানীয়রা তাকে ওই গৃহবধূর ঘর থেকে অপ্রীতিকর অবস্থায় হাতেনাতে ধরেন। একপর্যায়ে তিনি স্থানীয়দের মাঝে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে চলে যান। এর কিছুক্ষণ পর পুনরায় এসে ইট দিয়ে কৃষক সেলিমের মাথা থেঁতলে দেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান।
আহত কৃষক সেলিম বলেন, ‘আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। ছুটিতে দেশে এসে করোনার সময়ে আর যেতে পারেনি। এখন কোনোভাবে কৃষিকাজ করে পরিবারের ভরণপোষণ করছি।’
তিনি আরও বলেন, ‘পরকীয়ায় বাধা দেওয়ায় ওই যুবক ইট দিয়ে আমার মাথা থেঁতলে দেয়। আমি চোখে কিছু দেখছি না। জানি না স্বাভাবিক জীবনে আর ফিরতে পারবো কি-না।’
আহত সেলিমের ছেলে পারভেজ বলেন, ‘বখাটে ইকবাল এর আগেও এলাকায় বেশ কয়েকটি নারীঘটিত ঘটনা ঘটিয়েছে। তার সন্ত্রাসী কার্যক্রমের জন্য এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। সে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, যেকোনো সময় আমাদের ওপর হামলা করবে।’
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পরকীয়াকে কেন্দ্র করে একটি হামলার ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ হাতে পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট