প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
জাতীয় পতাকা রেলির মাধ্যমে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় ব্যতিক্রমী উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা ইউনিট।
সোমবার সকালে জাতীয় পতাকা হাতে নিয়ে দীঘিনালা কলেজ গেইট চত্বর থেকে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের সাবেক যুব প্রধান ও উপদেষ্টা আজীবন সদস্য প্রবীর সুমন, হাসান মোর্শেদ রিফাত, বর্তমান দলনেতা মো. জাকির হোসেন এবং দলনেতা-১ দুর্জয় বড়ুয়া।
এসময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানবিক বাংলাদেশ গড়তে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানবতা, নিরপেক্ষতা ও স্বেচ্ছাসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলনেতা-২ মো. মনির হোসেন, প্রশাসন ও সংগঠন বিষয়ীয় প্রধান তারিকুল ইসলাম ফাহিম, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিষয়ীয় প্রধান মো. ইসমাইল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট