প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা রশীদকে গার্ড অব অনার প্রদান

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রশীদ আহমদ মারা গেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় 'গার্ড অব অনার' প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই শুক্রবার পটিয়া তেকোটা গ্রামের নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক টিঅ্যান্ডটি কর্মকর্তা রশীদ আহমেদ চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তেকোটা পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে বাদে জুমা তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের আগে পটিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সালাম প্রদর্শন করেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ১ ছেলে, বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা ও গার্ড অব অনার প্রদানের সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট