প্রিন্ট এর তারিখঃ Jul 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শামসুজ্জামান হেলালী

বার্তা প্রেরক
আবদুল্লাহ রাসেল
_রঙিপাড়ায় ত্রাণ বিতরণ ও রিকশা-ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ_
চট্টগ্রাম, ১১ জুলাই ২০২৬: টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) উত্তর আগ্রাবাদের রঙিপাড়ায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং নগরীর বিভিন্ন স্থানে রিকশা ও ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ রঙিপাড়া সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে বাদ আছর আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা আমীর ফারুক আযম, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মালেক এবং ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রঙিপাড়া সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মীর হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান, ওয়ার্ড সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে, একই দিনে চট্টগ্রামে টানা বর্ষণে জীবিকার তাগিদে রাস্তায় কর্মরত রিকশা ও ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৮ নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহবুবুল হাছান রুমি, তাওহিদ আজাদ, শহিদউল্লাহ তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামী দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায়, বিপন্ন ও দুর্দশাগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে আসছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, নিম্নআয়ের শ্রমজীবী ও কর্মজীবী মানুষের কষ্ট লাঘবে সংগঠনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী এবং রিকশা ও ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট