প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
চট্টগ্রাম–১৩ আসনে যুবদল নেতা হামিদুল ইসলামের বিএনপি মনোনয়ন ফরম সংগ্রহ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা যুবদল নেতা মো: হামিদুল ইসলাম (হিরু)। তিনি সামাজিক সংগঠন 'শুদ্ধ বৃত্ত' চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সভাপতির দায়িত্বে রয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তারের কার্যালয় থেকে তিনি যুবদলের নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ চট্টগ্রাম–১৩ আসনের নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। মনোনয়ন ফরম জমা দেওয়ার পর আসনটিতে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় ভোটাররা এখন প্রার্থীর কার্যক্রম এবং নির্বাচনী প্রচারণার দিকে বিশেষ নজর রাখছেন।
মোহাম্মদ হামিদুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশনের আইন ও বিধি মেনে আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেবো, ইনশাআল্লাহ। চট্টগ্রাম–১৩ আসনের আনোয়ারা ও কর্ণফুলীবাসীর দোয়া ও সমর্থন চাই।”
দলীয় শৃঙ্খলা সংক্রান্ত সম্ভাব্য প্রশ্নের জবাবে তিনি জানান, “দল প্রয়োজন মনে করলে ব্যবস্থা নেবে। আমি তা মেনে নেব। তবে এ মুহূর্তে আমার মূল লক্ষ্য নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়া।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট