প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
খাগড়াছড়িতে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৭

প্রবীর সুমন// খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার ২৯৮ নম্বর সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত তাঁর কার্যালয়ে এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ১৫টি। যাচাই-বাছাই শেষে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্রে এক শতাংশ ভোটার তালিকার অসংগতি এবং দাখিলকৃত কাগজপত্রে গড়মিল থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন বলেও জানান তিনি।
যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আব্দুল ওয়াদুদ ভুইঁয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশোপ্রু মারমা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউছার, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ পার্টির মো. নূর ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা।
অন্যদিকে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন,
বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আনোয়ার হোসেন মিয়াজি, গণ অধিকার পরিষদের দীনময় রোয়াজা,
স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা, লাব্রিচাই মারমা, সন্তোষিত চাকমা বকুল, জিরুনা ত্রিপুরা এবং সমীরণ দেওয়ান।
এছাড়াও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন অফিস।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন,
“নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট