প্রিন্ট এর তারিখঃ Aug 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2026 ইং
কর্ণফুলীতে খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের ব্লকেরপাড় বিডিপি ঘাটসংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে বস্তা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কর্ণফুলী থানা ও নৌ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তা খুলে ভেতরে অর্ধগলিত অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া যায়।
ঘটনার পর এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহের অবস্থা দেখে পুলিশের ধারণা, কয়েক দিন আগে হত্যার পর সেটি বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট