প্রিন্ট এর তারিখঃ Aug 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2026 ইং
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু অপারেশন-পরবর্তী রোগীদের ফলো-আপ মেডিকেল ক্যাম্প

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু অপারেশন-পরবর্তী রোগীদের ফলো-আপ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দীঘিনালা জোন সদর দপ্তরে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচিতে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন প্যারামেডিক অংশ নেন। তারা গত ২৫ জুলাই লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালে চক্ষু অপারেশন সম্পন্ন করা দীঘিনালার ২৮ জন রোগীর ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষা করেন। এসব রোগীর মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর ১৩ জন এবং বাঙালি ১৫ জন ছিলেন।
ফলো-আপ পরীক্ষার সময় চিকিৎসকরা রোগীদের অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থা ও চোখের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, ওষুধ সেবন, চোখের পরিচর্যা এবং পরবর্তী সময়ে করণীয় বিষয়ে রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে চক্ষু অপারেশন করা রোগীদের নিয়মিত চিকিৎসা তদারকি ও পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।
চিকিৎসাসেবা গ্রহণকারী রোগী ও তাদের স্বজনরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের জন্য এ ধরনের চিকিৎসা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশনের পরও চিকিৎসকদের মাধ্যমে ফলো-আপ পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ পাওয়ায় তারা বাংলাদেশ সেনাবাহিনী ও লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট