প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
মিরসরাইয়ে ব্যাংক থেকে বের হতেই কৌশলে লাখ টাকা ছিনতাই

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হতেই ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বৃদ্ধ। নিজের কষ্টার্জিত টাকা হারানোর শোকে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন ষাটোর্ধ বৃদ্ধ মনসুর আহাম্মদ৷ আজ রবিবার (১১ জানুয়ারি) দুপুরে মিরসরাই পৌর সদরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে৷
ছিনতাইয়ের শিকার বৃদ্ধ মনসুর আহাম্মদ (৬০) উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড লুদ্দাখালী গ্রামের সফল আলী মালে বাড়ির বাসিন্দা৷
স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি মিরসরাই উপজেলা জুড়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গত ৬ মাসে ঘটেছে অর্ধশত চুরি ডাকাতির মতো ঘটনা৷ এতে উপজেলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷
ছিনতাইয়ের শিকার হওয়ার মনসুর আহাম্মদ জানান, আমার জমানো দেড় লাখ টাকা উত্তোলন করে গায়ে পরিধানকৃত কোর্টের ভেতরের দুই পাশের পকেটে ৫০ হাজার ও ১ লক্ষ টাকা নিয়ে বের হয়ে ব্যাংকের মূল ফটকে পৌছালে দুজন মাস্ক পরিহিত যুবক হঠাৎ আমার এক পকেটে হাত দিয়ে এক লক্ষ টাকা টান দিয়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়৷ আমি কিছু বুঝে উঠতে পারিনি কি হলো আমার সাথে৷
মনসুর আহাম্মদের বড় ছেলে তায়েফ জানান, ক'দিন আগেই আমার বিয়ে সম্পন্ন হয়৷ আবার বাবা প্রবাসী ছিলেন৷ নিজের জমানো টাকা পারিবারিক কাজে উত্তোলন করতে এসে ছিনতাই শিকার হয়ে বার বার ভেঙ্গে পড়ছেন৷ ব্যাংক তাদের গ্রাহকদের নূন্যতম নিরাপত্তা দিতে পারছে না৷ সিকিউরিটি গার্ড বলছে গেটের বাইরে কি হচ্ছে সেসব আমাদের দেখার বিষয় না৷ সিসিটিভি ক্যামেরা নেই প্রধান ফটকে৷ আমাদের শান্তনা পর্যন্ত দিতে আসেনি৷ আমরা থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছি৷
এ বিষয়ে ইসলামি ব্যাংক পিএলসি মিরসরাই পৌর সদর শাখা কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন৷
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, টাকা ছিনতাইয়ের বিষয়ে জেনেছি৷ ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। অপরাধী শনাক্তে চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট