প্রিন্ট এর তারিখঃ Aug 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2026 ইং
আনোয়ারায় লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (১০ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার ০১ নং বৈরাগ ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের আক্কল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলী আহমদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদীদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার বসতঘরে হামলা চালায়। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করা হয়।
হামলায় আলী আহমদসহ আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ ঘটনায় দায়ের করা অভিযোগে অভিযুক্তরা হলেন— মোঃ জামাল (৩২), মোঃ রহিম (৩৮), মোঃ বেলাল (৩৫), মোঃ কামাল (৪০), দিল মুহাম্মদ (৩০), মোঃ রফিক (৪৫), মোঃ ইউসুফ (৪২), মোঃ ইসমাঈল (৪০), মোঃ জাহাঙ্গীর (৬৭) ও মোঃ আওয়াল (৪৫)। তাদের সবার বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট