প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
মিরসরাইয়ে দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারে ডাকাতি ৫ জনকে কুপিয়ে যখম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
আত্মীয়ের দাফন শেষে শোকাহত মন নিয়ে বাড়ি ফেরার পথেই নেমে আসে বিপর্যয়। চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে গুরুতর আহত করেছে ডাকাতদল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মিরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার পর মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— রেজাউল করিম চৌধুরী, নজরুল করিম, নুরুল করিম, জাবেদ কাউসারসহ মোট পাঁচজন। তাঁদের মধ্যে জাবেদ কাউসারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) চিকিৎসাধীন রয়েছেন।
আহত রেজাউল করিম চৌধুরী ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম কোর্ট) সাবেক ম্যাজিস্ট্রেট ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের জয়নাল আবেদীন সাজু মেম্বারের স্ত্রী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার রাতে জানাজা ও দাফন শেষে রেজাউল করিম চৌধুরীসহ পাঁচজন একটি প্রাইভেটকারে করে সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়ার উদ্দেশে রওনা দেন। গাড়িটি রেজাউল করিম নিজেই চালাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে প্রাইভেটকারটি নয়দুয়ারিয়া এলাকায় পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা ডাকাতদল মহাসড়কে লোহার অ্যাঙ্গেল দিয়ে গাড়িতে আঘাত করে পথরোধ করে। হঠাৎ আঘাতে গাড়িটি থেমে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র হাতে গাড়ির ভেতরে থাকা সবাইকে জিম্মি করে। এরপর একে একে পাঁচটি মোবাইল ফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় ডাকাতরা। ছিনতাই করেই ক্ষান্ত হয়নি তারা। গাড়িতে থাকা পাঁচজনকেই এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ডাকাতদল।
মারা যাওয়া নারীর আত্মীয় মো. আলমগীর বলেন,
‘আমার জেঠি মা মারা যাওয়ার পর মঙ্গলবার রাতে জানাজা ও দাফন করা হয়। দাফন শেষে ফুফাতো ভাইয়েরা প্রাইভেটকারে বাড়ি ফেরার পথে নয়দুয়ারিয়া এলাকায় ডাকাতের হামলার শিকার হন। সবকিছু লুট করার পরও ডাকাতরা সবাইকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জাবেদ কাউসারের অবস্থা সবচেয়ে বেশি আশঙ্কাজনক।’
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন,‘ভুক্তভোগীরা জখম হওয়াতে এখনো কোনো লিখিত অভিযোগ
দেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট