
মোঃ একরামুল হক চট্টগ্রাম
হাটহাজারী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে তথাকথিত বুদ্ধিবৃত্তিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনমতকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। তারা বলেন, এ ধরনের তৎপরতা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দেশ ও জাতির স্বার্থে সবাইকে এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে, অন্যথায় এর পরিণতি জাতির জন্য বিপর্যয়কর হতে পারে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।
তিনি বলেন, ইসলামী দলের নেতৃত্ব থেকে যারা রাষ্ট্রক্ষমতায় গিয়ে শরিয়া আইন প্রতিষ্ঠার পক্ষে নন, তাদের বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগেই বারবার জাতিকে সতর্ক করেছে। এতদিন যারা ‘ইসলামের এক বাক্সের কথা’ বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে, তাদের প্রকৃত চরিত্র আজ জাতির সামনে স্পষ্ট হয়ে উঠছে।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কনক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কাউন্সিল অধিবেশনে কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জাফর আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মুহাম্মদ এমরান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শুয়াইব আহমদ, কুয়েত জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা এমদাদুল্লাহ বেলালী, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস নদভী, মুফতি জাকারিয়া নোমান ফয়জী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মুতাহের হোসাইন, মুফতি শামসুল ইসলাম জিলানী, মুফতি ইয়াকুব আলী ফারুকী, হাফেজ মাওলানা জাফর আহমদ বিন মুফতি আহমদুল হক, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ইকবাল আজিমপুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শুরু থেকেই ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আপসহীনভাবে কাজ করে আসছে। এই সংগঠন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে পরিচালিত নয়। জমিয়তের প্রতিটি সিদ্ধান্ত সম্মানিত আলেম-ওলামা ও দায়িত্বশীল নেতৃত্বের পারস্পরিক পরামর্শ ও গভীর আলোচনার মাধ্যমে গ্রহণ করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামের নামে রাজনীতি করে যারা ইসলামী আদর্শ ও শরিয়ার প্রশ্নে আপস করতে চায়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাদের ব্যাপারে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ইসলামী আদর্শ, শরিয়া ও ন্যায়নীতির প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি ঘোষণাও করা হয়। এতে মাওলানা জাফর আহমদকে সভাপতি, মাওলানা মুহাম্মদ এমরান সিকদারকে সাধারণ সম্পাদক ও মাওলানা মুহাম্মদ বাবুনগরীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৮ সদস্যবিশিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া মাওলানা ইয়াসিনকে সভাপতি ও হাফেজ তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়