প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার বর্ণাঢ্য মহা শোভাযাত্রা

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
ঐতিহ্যের আলোকে ভক্তি, ত্যাগ, সাধনা ও অদ্বৈত দর্শনের মহামিলন ঘটাতে বাংলাদেশের একমাত্র ও ঐতিহ্যবাহী ১১ দিনব্যাপী দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে অনুষ্ঠিত হয়েছে বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা। শনিবার (২৪ জানুয়ারী) সকাল ১১টায় ঋষিধাম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই মহা শোভাযাত্রায় দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্তবৃন্দ, সাধু-সন্ন্যাসী, ঋষি, যোগী ও ধর্মীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দীর্ঘ সাধনা ও প্রস্তুতির পর আয়োজকরা হিন্দু ধর্মের শাশ্বত আদর্শ- সত্য, অহিংসা, ব্রহ্মজ্ঞান ও আত্মশুদ্ধির আহ্বান নিয়ে এই মহান ধর্মীয় আয়োজনের সূচনা করেন। শোভাযাত্রার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন বাঁশখালী ঋষিধাম ও চট্টগ্রাম তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। তাঁর জন্য বিশেষভাবে সাজানো ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে তিনি শোভাযাত্রায় অংশ নেন। মোহন্ত মহারাজের ঘোড়ার গাড়িকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল বিশেষ আবেগ ও উৎসাহ, যা পুরো শোভাযাত্রায় এক অনন্য ধর্মীয় ঐতিহ্যের আবহ সৃষ্টি করে।
৬৩ বছরের ঐতিহ্যবাহী এই ঋষিকুম্ভ ও কুম্ভমেলা হিন্দু ধর্মীয় মতে আত্মশুদ্ধি, পাপক্ষয় ও মোক্ষলাভের পথ অনুসন্ধানের এক মহাযজ্ঞ। কেবল বাংলাদেশের ভক্তসমাজ নয়, ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে আগত ভক্তবৃন্দ, সাধু-সন্ন্যাসী ও ধর্মীয় ব্যক্তিত্বদের অংশগ্রহণে এটি আজ আন্তর্জাতিক আধ্যাত্মিক মহামেলায় পরিণত হয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত এই কুম্ভসদৃশ মহামেলায় স্নান, পূজা, নামস্মরণ ও সাধনার মাধ্যমে পুণ্যলাভের আশায় লক্ষ লক্ষ নারী-পুরুষ ভক্ত ঋষিধামে সমবেত হন। শনিবারের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের উদ্যোগে মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ কবুতর ও বেলুন উড়িয়ে শান্তি, সম্প্রীতি ও বিশ্বমানবতার বার্তা দিয়ে মেলার আনুষ্ঠানিক যাত্রা সূচনা করেন। সন্ধ্যায় এক আলোচনা সভায়
উপস্থিত ছিলেন, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ এর সভাপতি দেবাশীষ পালিত, শ্রী গুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, দ্বাবিংশতম আন্তর্জাতিক কুম্ভমেলার আহবায়ক এড অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, শ্রী গুরু সংঘের সহ- সভাপতি রাজীব সিংহ, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ , ভূপাল কান্তি গুহ, দীপক দত্ত, এড. কাঞ্চন বিশ্বাস, প্রদীপ গুহ, ঝুন্টু কুমারদাশ, দোলন দাশ, মহাশোভাযাত্রা উপকমিটির আহবায়ক রাজীব গুহ, সদস্য সচিব সুমন দেব প্রমূখ।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট