প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
চট্টগ্রাম-১৩ আসনে সিংহ মার্কায় এনডিএম প্রার্থী মো. এমরান চৌধুরীর গণসংযোগ

জে. এম. জাবেদ | আনোয়ারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সিংহ প্রতীকের প্রার্থী মো. এমরান চৌধুরী।
রোববার (২৫ জানুয়ারি) বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন।
কালাবিবি দিঘির মোড়, বটতলী বাজার, ঝিওরী মাজার গেট ও শোলকাটা এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান। প্রচারণায় দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে মো. এমরান চৌধুরী বলেন, “২৪ জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছে, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক অগ্রগতি।” তিনি আরও বলেন, “এই অধিকার যেন আর কখনো বাধাগ্রস্ত না হয়—সে জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি জানান, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। ভোটারদের ভালোবাসা ও সমর্থন পেলে আনোয়ারা–কর্ণফুলী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট