প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায়দের মাঝে চাউল বিতরণ

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাউল ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল ও উপহারসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া।
৪৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন খন্দকারের সঞ্চালনায় এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাজা স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল মান্নান, মো. হাসান, মো. আকবর হোসেন মানিক, জসিম উদ্দিন, মাহি রুবেল ও জাকির হোসেন মিশু। এছাড়া পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব নুরুল কবির পলাশসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ তখনই সার্থক হবে, যখন আমরা সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারব। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কল্যাণে রাজনৈতিক সংগঠনগুলোর সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাউল ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট