প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2026 ইং
বাবার সামনেই ট্রাক্টরের চাকায় পিষ্ট ৮ বছরের শিশু

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির পুরোনো স্লুইসগেট এলাকার চেঙ্গরবিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক্টরটি চালাচ্ছিলেন নিহত শিশুর বাবা কোরবান আলী।
কোরবান আলী উপজেলার ভুজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোরবান আলী নিজের ট্রাক্টর নিয়ে বিলে জমি চাষ করতে যান। এসময় শিশু ত্বহাও বাবার সঙ্গে ট্রাক্টরে ছিল। জমি চাষ করার একপর্যায়ে বাবার অগোচরে ত্বহা হঠাৎ ট্রাক্টর থেকে ছিটকে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য এস এম মুসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবার সঙ্গে শিশুটি বিলে জমি চাষ দেখতে গিয়েছিল। ট্রাক্টর থেকে হঠাৎ নিচে পড়ে এই করুণ দুর্ঘটনা ঘটে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট