প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
খাবারে তেলাপোকা ও ক্ষতিকর রং, চট্টগ্রামে ৩ রেস্তোরাঁকে জরিমানা

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় সংলগ্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে রাখা ও খাদ্যে ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে তিনটি হোটেল-রেস্তোরাঁকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চেরাগি মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তদারকি কার্যক্রমে গ্রান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা, আলিফ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকি সংশ্লিষ্টরা জানান, গ্রান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অননুমোদিত ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ ব্যবহার, পচা ও দুর্গন্ধযুক্ত খাবার ও পানীয় সংরক্ষণ এবং রান্না করা বাসি মুরগির চাপ, মুরগির মাংস, খিচুড়িসহ বিভিন্ন খাদ্যদ্রব্য অপরিচ্ছন্ন পরিবেশে রাখা হচ্ছিল। একই সঙ্গে ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করা হচ্ছিল।
অন্যদিকে আলিফ রেস্টুরেন্টে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যদ্রব্যের মধ্যে তেলাপোকার বিচরণের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া দেওয়ানহাট মোড় এলাকায় বিভিন্ন ফলের দোকানেও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে সতর্ক করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট