প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির, ফলাফল পাল্টে দিলে প্রতিরোধের ঘোষণা

নিউজ ডেস্ক | চট্টগ্রাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, কেন্দ্র দখল এবং পোলিং এজেন্টদের বাধা দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, অন্তত ২১টি ক্ষেত্রে সুনির্দিষ্ট অনিয়ম সংঘটিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।
সংবাদ সম্মেলনে মনিরা শারমিন জানান, নির্বাচনের শুরু থেকেই বিভিন্ন স্থানে প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এছাড়া জালভোট প্রদান ও কেন্দ্র দখলের মতো ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেত্রী বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে এসব অভিযোগের বিষয়ে আরও আন্তরিক হতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কারচুপির মাধ্যমে যদি কোনো বিশেষ দলের পক্ষে ফলাফল দেওয়া হয়, তবে দেশের জনগণ তা মেনে নেবে না এবং রাজপথে তা প্রতিহত করবে।
উল্লেখ্য, আজ দেশের ২৯৯টি আসনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট