প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
৩ আসনের ফল ঘোষণা করবে না ইসি

নিউজ ডেস্ক | চট্টগ্রাম
আদালতে দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা করবে না নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ বিষয়ে পৃথক তিনটি চিঠি জারি করে কমিশন।
চট্টগ্রাম-৪ আসন
আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ (হাইকোর্টের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ থেকে উদ্ভূত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা থাকায় এ আসনের ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
চট্টগ্রাম-২ আসন
সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬) সংক্রান্ত আপিল বিভাগের আদেশ অনুযায়ী বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে তার ফলাফল প্রকাশ স্থগিত রাখতে আইনগত বাধ্যবাধকতা থাকায় এ আসনের ফলাফলও আপাতত ঘোষণা করা হবে না।
শেরপুর-২ আসন
সিপিএলএ নং ৪৪২/২০২৬ (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬) এর আদেশ অনুযায়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে আপিল বিভাগের চূড়ান্ত আদেশের ওপর তার নির্বাচনের ফল নির্ভরশীল হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট