প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
কর্ণফুলীর ৫ ইউনিয়নে ফাইল কেবিনেট বিতরণ

কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
গ্রাম আদালতের নথিপত্র নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ এবং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে ফাইল কেবিনেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদগুলোর প্রতিনিধিদের হাতে এসব ফাইল কেবিনেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী বাবুল আরফাত।
প্রধান অতিথি মো. রিদুয়ানুল ইসলাম বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। নথি যথাযথভাবে সংরক্ষণ করা হলে প্রয়োজনের সময় দ্রুত তথ্য পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত ও কার্যকরভাবে পরিচালনার পাশাপাশি মামলার নথি, রেজিস্টারসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ম অনুযায়ী সংরক্ষণ করতে হবে। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত ন্যায়বিচার পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অতিথিরা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের হাতে গ্রাম আদালতের নথিপত্র সংরক্ষণের জন্য ফাইল কেবিনেট হস্তান্তর করেন। এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উকিল আহমদ ও মিলটন চৌধুরী সংশ্লিষ্ট কেবিনেট গ্রহণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট