প্রিন্ট এর তারিখঃ Feb 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজ পরিদর্শনে ৭বিজিবি অধিনায়ক ইবনে রিয়াজ

প্রবীর সুমন // খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজ পরিদর্শন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাবুছড়া ব্যাটালিয়নের (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ।
জানা যায়, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ৩১ জানুয়ারি কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের নবনির্মিত ভবনে বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করে যাচ্ছে বাবুছড়া ব্যাটালিয়ন(৭ বিজিবি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেইজ ক্যাম্প স্থানান্তরের সময় অধিনায়ক কলেজটি পরিদর্শন করেন এবং শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে লে. কর্নেল ইবনে রিয়াজ বলেন, “আমাদের উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। এই শিক্ষায় পুরুষের পাশাপাশি নারীদের সমান তালে এগিয়ে নিতে হবে। শিক্ষিত নারীরা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
তিনি আরও বলেন, “এই কলেজের সুদক্ষ শিক্ষক মণ্ডলী এলাকার শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার পরিবেশ উন্নত রাখতে বিজিবির পক্ষ থেকে যেকোন সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে কলেজের শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষের হাতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন ৭ বিজিবি অধিনায়ক।
এ সময় উপস্থিত ছিলেন ৭ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের অধ্যক্ষ সাধন বিকাশ ত্রিপুরা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচনকালীন সময়ে বিজিবিসহ সকল আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের সক্রিয় দায়িত্ব পালনের ফলে খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল বলে অনেকেই মনে করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট