প্রিন্ট এর তারিখঃ Feb 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 20, 2026 ইং
চট্টগ্রাম হাসলে তবেই হাসবে বাংলাদেশ

কলমে: কামরুল সিফাতউল্লাহ
এক সময় এই শহরের বাতাসে টাকার ঘ্রাণ পাওয়া যেত। খাতুনগঞ্জের গলি থেকে বন্দরের জেটি—সবখানে ছিল আস্ত এক সিন্দুকের গর্জন। কিন্তু আজ? সেই সিন্দুকের চাবি হাতে নিয়ে যখন আমাদেরই ঘরের এক সন্তান রাজধানী থেকে ফিরে আসছেন, তখন বুকভরা গর্বের চেয়েও চোখেমুখে একরাশ না পাওয়ার হাহাকার বেশি।
আমরা কি সারা জীবন কেবলই দেশের প্রবেশদ্বার হয়ে থাকব? আমাদের ঘামে দেশের রাজস্বের চাকা ঘুরবে, অথচ ঘরের আপনজন অসুস্থ হলে একটু ভালো চিকিৎসার আশায় সেই ঢাকার দিকেই ছুটতে হবে? এই যে মাইলের পর মাইল যানজট আর থমকে যাওয়া বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন—এগুলো কি আমাদের নিয়তি ছিল?
আমির খসরু মাহমুদ চৌধুরী আজ কেবল একজন মন্ত্রী হিসেবে ফিরছেন না, তিনি ফিরছেন চট্টগ্রামের এক ঋণী সন্তান হিসেবে। রাজনীতির হিসেব মেলাতে গিয়ে এই শহরকে আমরা বারবার হারিয়েছি। এবার আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, এবার চাই পাওনা হিসেব। কারণ ইতিহাস সাক্ষী দেয়, চট্টগ্রাম হাসলে তবেই বাংলাদেশ হাসে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট