
নিউজ ডেস্ক
চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় দুইজন
নি/হত হয়েছেন। এদের একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও অপরজন যাত্রী।
রবিবার, ২০ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় এলাকাবাসী রেললাইনে গাছ ফেলে বিক্ষোভ শুরু করে। পরে চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন- কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ছেলে আবু তাহের (৫০)। তিনি পেশায় মুদি দোকানি এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অটোরিকশা চালক আব্দুস শুক্কুর (৪০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবু তাহের দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব কাটগড় রেলগেট এলাকায় অটোরিকশাটি রেললাইনে উঠে যায়। এসময় কক্সবাজার থেকে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু তাহের নিহত হন। গুরুতর আহত হন চালক আব্দুস শুক্কুর। পরে স্থানীয়রা আব্দুস শুক্কুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রেললাইনে গাছ ফেলে আটকে দেয়। পরে পুলিশ গিয়ে চারটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করে।