প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 13, 2026 ইং
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে মির্জা ফখরুল

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুর্দান্ত জয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টাইগারদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসিডেন্ট বক্সে বসে তিনি খেলা উপভোগ করছেন।
ম্যাচ শুরুর অল্পক্ষণ পরই স্টেডিয়ামে পৌঁছান মির্জা ফখরুল। জানা যায়, মিরপুরে মির্জা ফখরুলকে ফুল দিয়ে বরণ করে নিতে অপেক্ষায় ছিল বিসিবি। তবে বিনয়ের সঙ্গে বাড়তি আয়োজনে সাড়া দেননি তিনি। শুধুই খেলা দেখতে এসেছেন জানিয়ে সরাসরি চলে যান প্রেসিডেন্ট বক্সে। প্রেসিডেন্ট বক্সে তার সঙ্গে একই স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়া ও ব্রিটিশ হাইকমিশনার। বাংলাদেশ দলের জার্সি পরে তারা সবাই মিলে ম্যাচের উত্তেজনা উপভোগ করছেন।
এর আগে প্রথম ওয়ানডেতে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে গ্যালারিতে দেখা গিয়েছিল। পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে তিনি ম্যাচটি দেখতে এসেছিলেন। বাংলাদেশের দাপুটে জয় এবং পাকিস্তানের বড় ব্যবধানে হারের ম্যাচটি তিনি বেশ উৎসাহ নিয়ে উপভোগ করেছিলেন।
প্রথম ম্যাচে বড় পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। ওপেনার মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহানের দুর্দান্ত ব্যাটিংয়ে তারা উদ্বোধনী জুটিতে শতরান পেরিয়েছিল বিনা উইকেটে।
তবে বাংলাদেশের বোলাররা ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন। পাকিস্তানের ১২২ রানের জবাবে টাইগাররা ইতিমধ্যে ৩টি উইকেট তুলে নিয়েছে, যা ম্যাচে নতুন মোড় এনে দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট