প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2026 ইং
চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
১৬ বছর আগে পারিবারিক কলহের জেরে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার মামলায় স্ত্রী হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হোসনে আরা বেগম নগরীর কোতোয়ালী থানাধীন লাভলেন ঝাউতলা এলাকার মৃত হেলাল উদ্দিনের স্ত্রী।
সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১ এর বিচারক নিষ্কৃতি হাগিদক এই রায় দেন।
জানা যায়, ২০০৯ সালের ৯ মে রাত ১টার দিকে নগরের এনায়েত বাজার বাটালী রোডের জাফর সওদাগরের কলোনিতে ভাড়া বাসায় হেলাল উদ্দিনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ হয়। একপর্যায়ে হোসনে আরা বেগম স্বামীর মাথায় অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে স্বামীর মৃত্যু হলে ঘরের বাইরে তালা লাগিয়ে তিনি আত্মগোপন করেন।
ওইদিন দুপুরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলাল উদ্দিনের লাশ উদ্ধার করে। তার মুখ, ডান পা ও মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান পুলিশ সদস্যরা।
পরে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কোতোয়ালী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো.সাহাবুদ্দিন খান বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০১০ সালের ১৪ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, আটজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রী হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট