প্রিন্ট এর তারিখঃ Mar 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 22, 2026 ইং
কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২, তদন্তে তিন কমিটি

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অপরটি কুমিল্লা জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে গঠিত এই তিন কমিটিকেই।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আজ রবিবার সকালে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ বলছে, ঢাকা মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে মামুন স্পেশাল পরিবহন নামের বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল।
পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসটি উঠে পড়লে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি দুমড়েমুচড়ে যায়। এ অবস্থায় বাসটিকে হিঁচড়ে আধা কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যায় ট্রেনটি।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু, সাতজন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট