প্রিন্ট এর তারিখঃ Mar 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
সব ধর্মের মানুষের জন্য নিরাপদ নগরী গড়তে কাজ করছি: ডা. শাহাদাত

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, সম্প্রীতিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৭ মার্চ) রাতে নগরের আন্দরকিল্লার জেএমসেন হলে বাসন্তী পূজা উপলক্ষে আয়োজিত বসন্ত উৎসব ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের পর গত ১৬ মাসে নগরে কোনো সাম্প্রদায়িক সংঘাত ঘটেনি। এই ধারা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় কাজ করা হবে। চট্টগ্রাম ঐতিহাসিকভাবেই সম্প্রীতির শহর এখানে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করাও এ প্রচেষ্টার অংশ।
ধর্মীয় সংখ্যালঘুদের সুবিধার বিষয়টি তুলে ধরে মেয়র বলেন, নগরের কয়েকটি শ্মশানঘাটে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং আরও নতুন শ্মশান নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। নাগরিকদের যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট থানায় যোগাযোগের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিবাস দাশ সাগর। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট