প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
আশংকাজনক হারে বাড়ছে শিশুদের হাম

কায়সার আহমদ
ময়মনসিংহ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিগত দিনে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসের মাঝামাঝি থেকে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে শুরু করে। গত ১১ দিনে শতাধিক শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল টিম গঠন করেছে এবং শিশু ওয়ার্ডে ১০ শয্যাবিশিষ্ট 'হাম/মিসেলস কর্নার' চালু করেছে।
হ্ঠাৎ করে এত বেশি রোগী আসার ফলশ্রুতিতে এক বিছানায় দুই শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে সাধারণ রোগীদের সঙ্গেই হাম আক্রান্ত শিশুদের রাখা হচ্ছে, যা সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
এছাড়াও রাজশাহী বিভাগেও হামের সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে হামে আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় নমুনা পরীক্ষা করে দেখা গেছে, রাজশাহী বিভাগে আক্রান্তের হার প্রায় ২৯ শতাংশ।
চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত ছোঁয়াচে একটি ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশি ও সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়ায়। আক্রান্ত শিশুদের অনেকেরই সঠিক সময়ে হামের টিকা না দেওয়ার বিষয়টি উঠে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, করোনা পরিস্থিতি এবং পরবর্তী সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে টিকাদান কর্মসূচি বিঘ্নিত হওয়ায় শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে, যার ফলে হামের এই আকস্মিক প্রকোপ দেখা দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়মনসিংহ ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে আইসোলেশন কর্নার ও ডেডিকেটেড ফিভার ক্লিনিক চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। সংক্রমণের বিস্তার রোধে আক্রান্ত শিশুদের সাধারণ রোগী থেকে আলাদা রাখা এবং দ্রুত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট