প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক নিবন্ধনের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’ জারি করেছে। গত ১৬ জুলাই প্রবিধানটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করতে হবে। পথের ধারে ভ্রাম্যমাণ বা অস্থায়ী খাবারের দোকান, ছোট রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান থেকে শুরু করে বড় আকারের খাদ্য প্রক্রিয়াজাতকারী ও আমদানিকারকদের জন্য এ নিবন্ধন বাধ্যতামূলক।
প্রবিধানের তফসিলে খাদ্য ব্যবসাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রচলিত ১৬ ধরনের খাদ্য প্রতিষ্ঠানের জন্য শুধু নিবন্ধনই যথেষ্ট হবে। তবে শিশুদের ফর্মুলা দুধ, বয়স্কদের বিশেষ খাবার, স্বাস্থ্য সহায়ক বা সম্পূরক খাদ্য, প্রোবায়োটিক এবং নিউট্রাসিউটিক্যালের মতো বিশেষায়িত ৪ ধরনের পণ্যের ব্যবসার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে লাইসেন্স নিতে হবে। এছাড়া বংশগতভাবে পরিবর্তিত বা জৈব-খাদ্যের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিধান প্রযোজ্য হবে।
এই নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর এবং মেয়াদ শেষে তা নবায়ন করতে হবে। লাইসেন্স বা নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল খাদ্য ব্যবসায়ীকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট