প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল: বান্দরবান জেলা দলে প্রাথমিকভাবে ৩০ ফুটবলার

নিউজ ডেস্ক | চট্টগ্রাম
বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে বান্দরবান জেলা দল গঠনের প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নেওয়া দেড় শতাধিক ক্ষুদে ফুটবলারের মধ্য থেকে ৩০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে স্থানীয় পুলিশ লাইনস মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দেড় শতাধিক ক্ষুদে ফুটবলার নিজেদের প্রতিভা প্রদর্শন করে।
বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য জসিম উদ্দিন, মো. নাছির উদ্দীন, মো. ফিরোজ ও মো. মনির, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, বাফুফে কোচ শাহাজ উদ্দিন টিপু, ক্রীড়া সংগঠক রিটল বিশ্বাস ও আয়ুব খান, জেলা দলের প্রধান কোচ অসীম বড়ুয়া এবং সহকারী কোচ অংথোয়াইচিংসহ স্থানীয় ফুটবল সংগঠকরা।
বাছাই শেষে ৩০ জন খেলোয়াড়কে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে। পরবর্তী প্রস্তুতি ও মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হবে।
আগামী মাসের শেষ সপ্তাহে দেশের ৬৪টি জেলার অংশগ্রহণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের ফুটবল প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে বান্দরবানের ক্ষুদে ফুটবলাররা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট