প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও বাসি খাবার, আনোয়ারায় তিন রেস্তোরাঁকে জরিমানা

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় খাবার প্রস্তুত ও সংরক্ষণে নানা অনিয়মের চিত্র উঠে এসেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। কোথাও খাবারে ব্যবহার করা হচ্ছিল অননুমোদিত রং ও রাসায়নিক, কোথাও সংরক্ষণ করা হচ্ছিল বাসি খাবার। এমনকি একটি রেস্তোরাঁয় কাঁচা মাছ-মাংসের সঙ্গেই একই ফ্রিজে রাখা হচ্ছিল রান্না করা খাবার। এসব অনিয়মের দায়ে উপজেলার তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে চাতুরী চৌমুহনী ও টানেল এলাকার বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে ভোজন বাড়ি রেস্তোরাঁয় খাবারে অননুমোদিত রং, গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সাদিয়া’স কিচেনে বাসি শর্মার চিকেন সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টানেল ভিউ রেস্তোরাঁয়ও পাওয়া যায় একাধিক অনিয়ম। সেখানে খাবারে গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির পাশাপাশি একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা বাসি খাবার সংরক্ষণ করা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো.আনিছুর রহমান। এ সময় আনোয়ারা থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযান শেষে আনিছুর রহমান বলেন, ‘খাদ্যপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ উপকরণ ব্যবহার করা বাধ্যতামূলক। অভিযানে এসব নিয়মের ব্যত্যয় পাওয়ায় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তাবিধি মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট