প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
আনোয়ারায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য চেয়ারম্যান প্রার্থী নুরুল কবিরের ফ্রি গাড়ি সার্ভিস

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই স্লোগানকে সামনে রেখে আনোয়ারা উপজেলার ৮ নং চাতরী ইউনিয়নে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি গাড়ি সার্ভিসের ব্যবস্থা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট নুরুল কবির রানা।
জানা যায়, আগামী ২১ এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে চাতরী ইউনিয়নের আওতাধীন কৈনপুরা উচ্চ বিদ্যালয়, চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট নুরুল কবির রানা বলেন, শিক্ষা নিয়ে আমার একটি সুদূরপ্রসারী ভাবনা রয়েছে, আর সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে এবং আমার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে শিক্ষার্থীদের মানসিক চাপমুক্ত রেখে নিরাপদ ও নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, শিক্ষা একটি জাতি ও সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। একটি শিক্ষিত, সচেতন ও মানবিক প্রজন্মই পারে একটি সমৃদ্ধ ও আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে।
চাতরী ইউনিয়নকে একটি শিক্ষাবান্ধব, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ, প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমি কাজ করে যেতে চাই। কোনো শিক্ষার্থী যেন আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে পিছিয়ে না পড়ে—সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় স্কুলমুখী করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ উন্নয়নের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ে খেলার মাঠ স্থাপন ও উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি ও বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়াই আমার অঙ্গীকার—আর সেই লক্ষ্যেই শিক্ষা ও সেবার মাধ্যমে একটি উন্নত, সচেতন ও মানবিক চাতরী ইউনিয়ন গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট