প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অতিসত্বর ওয়াসার সেবা চালু করুন: শামসুজ্জামান হেলালী

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের ইপিজেড ও পতেঙ্গা এলাকায় ওয়াসার পানির লাইন স্থাপন ও পানি সরবরাহ কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।
তিনি বলেন, ইপিজেড ও পতেঙ্গার মতো গুরুত্বপূর্ণ শিল্প ও আবাসিক এলাকায় এখনো ওয়াসার পানির লাইন স্থাপন না হওয়া অত্যন্ত দুঃখজনক। আধুনিক নগর ব্যবস্থাপনায় এমন পরিস্থিতি কল্পনাও করা যায় না। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সুপেয় পানির সংকটে রয়েছেন। তাই আর কালক্ষেপণ না করে অতিসত্বর এসব এলাকায় ওয়াসার পানির লাইন স্থাপন ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসীর ক্ষোভ সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রামের ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের আমির মো. ইউসুফ।
ওয়ার্ড সেক্রেটারি মো. বেলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পতেঙ্গা থানা জামায়াতের নায়েবে আমির ড. আব্দুল মোতালেব ও থানা সেক্রেটারি মাওলানা বেলাল হাছন।
সভায় বক্তারা উত্তর পতেঙ্গাসহ আশপাশের এলাকার নাগরিক সমস্যা, সুপেয় পানির সংকট এবং একটি হাসপাতালসহ অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে ওয়াসার পানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট