প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
পার্বত্য অঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, উপকৃত সহস্রাধিক রোগী

প্রবীর সুমন খাগড়াছড়ি | চট্টগ্রাম
পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির দীঘিনালায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প। এতে বিনামূল্যে চিকিৎসা পেয়ে উপকৃত হয়েছেন সহস্রাধিক মানুষ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে খাগড়াছড়ির দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর উদ্যোগে এ ক্যাম্পেইন শুরু হয়। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চশমা, আই ড্রপসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে।
এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে Lions Hospital এবং Rotary Club। ক্যাম্পে আগত রোগীদের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চোখ পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেন। পাশাপাশি দৃষ্টিশক্তি সমস্যায় ভোগা রোগীদের তাৎক্ষণিকভাবে চশমা প্রদান করা হয়। অনেক রোগীর ক্ষেত্রে দীর্ঘদিনের অযত্নে থাকা চোখের সমস্যাও শনাক্ত করা হয়েছে।
বিশেষভাবে যেসব রোগীর ছানি (ক্যাটারাক্ট) অপারেশন প্রয়োজন, এমন প্রায় শতাধিক রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এসব রোগীকে আগামী মাসে নির্ধারিত তারিখে চট্টগ্রামে পাঠিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে, যা তাদের স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিকিৎসা নিতে নাছিমা খাতুন বলেন,
“আমরা পাহাড়ি এলাকায় থাকি, এখানে ভালো চোখের ডাক্তার পাওয়া যায় না। অনেকদিন ধরে চোখে ঝাপসা দেখতাম। আজ এখানে এসে ফ্রি চিকিৎসা আর চশমা পেলাম অনেক উপকার হলো।”
বুদ্ধপাড়া থেকে আসা রবি ত্রিপুরা জানান,
“টাকার অভাবে এতদিন চিকিৎসা করাতে পারিনি। এখানে এসে ডাক্তার দেখাতে পেরে খুব ভালো লাগছে। জোনের পক্ষ থেকে অপারেশনের ব্যবস্থাও করে দেবে—এটা আমাদের জন্য বড় সহায়তা।”
ক্যাম্পে দায়িত্ব পালনকারী এক চক্ষু বিশেষজ্ঞ বলেন,
“পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় অনেক মানুষ দীর্ঘদিন ধরে চোখের নানা জটিলতায় ভুগছেন। আজকের এই ক্যাম্পে আমরা প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছি দিন ব্যাপী এক হাজার রোগীকে সেবা দিবো যা ইতিমধ্যে রেজিস্ট্রি করেছে।”
তিনি আরও বলেন,
“অনেক রোগীর ছানি ধরা পড়েছে, যাদের অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে। আগামী মাসে তাদের চট্টগ্রামে নিয়ে গিয়ে অপারেশন করা হবে। এতে তাদের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।”
দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন বলেন, “সেনাবাহিনী নিয়মিতভাবে পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এবারের ক্যাম্পে আমরা বিশেষভাবে চোখের চিকিৎসার ওপর গুরুত্ব দিয়েছি, কারণ এ অঞ্চলের অনেক মানুষ এ ধরনের সেবা থেকে বঞ্চিত।”
তিনি আরও বলেন, “Lions Hospital ও Rotary Club-এর সাথে সমন্বয়ের মাধ্যমে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট