প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
মিয়ানমার থেকে চোরাচালান ৮০টি টিয়া পাখিসহ দুই পাচারকারী গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়াপাখিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনে পাকা সড়ক থেকে ৮০টি টিয়াপাখিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সরকারি শুল্ক, নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ ভঙ্গ করে কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে টিয়াপাখিগুলো নিয়ে আসছিলেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি/২৫ডি ধারায় জোরারগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট