প্রিন্ট এর তারিখঃ Apr 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2026 ইং
উখিয়ায় গাড়িচাপা দিয়ে শ্রমিককে হত্যা, চালক পলাতক

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় মোহাম্মদ রবিউল (২২) নামে এক শ্রমিককে গাড়িচাপা দিয়ে পালিয়েছে একটি পিকআপ। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর হংসমিয়াজীর পাড়া এলাকার মোক্তার হোছাইনের একমাত্র ছেলে। তিনি কোর্টবাজার এলাকায় সড়কের ডিভাইডার স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কোর্টবাজার এলাকায় একটি পিকআপ দ্রুতগতিতে এসে এক রবিউল নামে এক শ্রমিককে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা পিকআপ গাড়িটি আটকে উখিয়ায় থানার সামনে একটি অটোরিক্সা দিয়ে থামানোর চেষ্টা করলে চালক অটোরিক্সাটি দুমড়েমুচড়ে পালিয়ে যায়। রাত তিনটার দিকে গাড়িটি স্থানীয়রা জব্দ করলেও চালক পালিয়ে যায়। আহত রবিউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্ষতিগ্রস্ত অটোরিকশাচালক গুরা মনু কান্না জড়িত কন্ঠে জানান, আমার পরিবার চালানোর একমাত্র সম্বল রিকশাটি দুমড়েমুচড়ে যাওয়ায় আমি এখন কি করবো জানিনা। তবে প্রশাসন ও স্থানীয়রা যদি এগিয়ে আসে তাহলে পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উখিয়া শাহপরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পিকআপটি জব্দ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহত শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট