প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 28, 2026 ইং
আমিরবাগে মেয়রকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন মোরশেদ-ফয়সাল জুটি

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
আমিরবাগ ব্যাডমিন্টন কমিটির আয়োজনে মেয়রকাপ ২০২৬ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ ফাইনালে আমিরবাগ প্রিমিয়ার ডিভিশন লিগে মোরশেদ-ফয়সাল জুটি প্রতিদ্বন্দ্বী রফিক-দেলয়ার জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন,
“খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ক্রীড়া চর্চার বিকল্প নেই।”
তিনি আরও বলেন,
“নগরীর প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন কমিটির প্রধান উপদেষ্টা ও আমিরবাগ কল্যাণ সমিতির সেক্রেটারি শহিদুল ইসলাম চৌধুরী এবং এক্সিকিউটিভ কেয়ারসের ব্যবস্থাপক মেহরাব মাশুক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর গ্রুপের চেয়ারম্যান মীর সালাম ও বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরবাগ কল্যাণ সমিতির সভাপতি লোকমান হোসেন তালুকদার, ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল মনিব চৌধুরী।
শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট