প্রিন্ট এর তারিখঃ Apr 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল ছোট্ট সাফিয়া

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় তার কোল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়া।
বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, একটি এনজিওতে চাকরি করতেন সুমন মন্ডল। তবে সম্প্রতি তিনি চাকরি ছেড়ে বাড়িতেই ছিলেন। সকাল পৌনে ৭টার দিকে তিনি সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে কিছু বাজার আনতে যাচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমাদের টিম ঘটনাস্থলে ও হাসপাতালে যাচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট