
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
দেশের লাইফলাইন খ্যাত ঢাকা–চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে সম্প্রসারণের প্রস্তাব থেকে সরে আসছে সরকার। ৭১ হাজার ৮৫০ কোটি টাকার পরিকল্পনা আপাতত স্থগিত করে পুরো বা আংশিক ফ্লাইওভার নির্মাণের তিন বিকল্প প্রস্তাব নিয়ে নতুন করে অগ্রসর হচ্ছে সরকার। পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পরিকল্পনা বাস্তবায়নেরও চিন্তাভাবনা করা হচ্ছে।
সূত্র জানিয়েছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যোগাযোগপথ ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে গত ক’বছর ধরে নানা আলোচনা, পরিকল্পনা এবং প্রকল্প তৈরি করা হয়েছিল। সওজ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিদ্যমান চার লেনকে ছয় লেনের টোলভিত্তিক মূল সড়ক এবং দুই পাশে চার লেনের সার্ভিস রোডে উন্নীত করার পরিকল্পনা করেছিল। সব মিলিয়ে সড়কটি ১০ লেনে উন্নীত করার কথা ছিল। স্থানীয় যানবাহন ও টোল দিতে অনিচ্ছুক যানবাহনের জন্য সার্ভিস লেন এবং দূরপাল্লার যানবাহনের জন্য মূল সড়ক ব্যবহারের ব্যবস্থা রাখার প্রস্তাব ছিল।
এই পরিকল্পনার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ৭১ হাজার ৮৫০ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে ৫৫ হাজার ৮০ কোটি টাকা বৈদেশিক ঋণ এবং ১৬ হাজার ৭৭০ কোটি টাকা সরকারি অর্থায়নের মাধ্যমে সংস্থানের পরিকল্পনা ছিল। প্রকল্পটির সম্ভাব্য বাস্তবায়নকাল ধরা হয়েছিল ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩২ সালের ডিসেম্বর পর্যন্ত। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকল্পটিতে অর্থায়নে আগ্রহ দেখিয়েছিল। পাশাপাশি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহ–অর্থায়নেরও সম্ভাবনা ছিল।
প্রস্তাবিত নকশায় যাত্রাবাড়ী থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১৩ দশমিক ৫ কিলোমিটার এবং চট্টগ্রামের সলিমপুর থেকে সাগরিকা পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলিভেটেড সড়ক নির্মাণের কথা ছিল। পাশাপাশি নারায়ণগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, মদনপুর এবং চট্টগ্রামের বারইয়ারহাট, আবুতরাব বাজার ও সলিমপুরে ছয়টি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা ছিল। এসব অবকাঠামোর মাধ্যমে স্থানীয় যানবাহন ও দূরপাল্লার যানবাহনের চলাচল আলাদা করে যানজট কমানোর লক্ষ্য নেওয়া হয়েছিল।
কিন্তু এখন এই নকশা ও অর্থায়ন কাঠামো নিয়ে নতুন করে ভাবছে সরকার। বিশেষ করে একই মহাসড়কে সাধারণ সড়ক সমপ্রসারণের পাশাপাশি বড় পরিসরে ফ্লাইওভার বা উড়ালপথ নির্মাণের প্রয়োজনীয়তা ও ব্যয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সওজের প্রস্তাবিত নকশাসহ প্রস্তাবটি আপাতত স্থগিত করেছে সরকার। এর পরিবর্তে ২৩২ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক পুরোপুরি অথবা আংশিক ফ্লাইওভার বা উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
৮ অক্টোবর বৈদেশিক সহায়তা অনুসন্ধান কমিটি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) মহাসড়ক উন্নয়ন প্রস্তাবটি ফেরত পাঠিয়েছে। পরিকল্পনা কমিশনের নীতিগত অনুমোদন পাওয়ার পরও প্রস্তাবটি ফেরত যাওয়ার কারণ হিসেবে উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিবর্তিত সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, সরকার শুধু সড়কের লেন বাড়ানোর মাধ্যমেই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উন্নয়ন ও সম্প্রসারণ করার পরিবর্তে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নিরবচ্ছিন্ন, নিয়ন্ত্রিত প্রবেশাধিকার সম্পন্ন এবং উচ্চগতির যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। এ জন্য সওজ তিনটি বিকল্প নিয়ে কাজ করছে। পুরো ২৩২ কিলোমিটার উড়ালপথ নির্মাণ, করিডরের প্রায় এক–তৃতীয়াংশ এলিভেটেড করা অথবা কেবল গুরুত্বপূর্ণ যানজটপ্রবণ এলাকাগুলোতে উড়ালপথ নির্মাণের কথা বলা হয়েছে। এই তিনটি প্রস্তাবের মধ্যে কোনটি অর্থনৈতিক ও কারিগরি দিক থেকে সবচেয়ে গ্রহণযোগ্য এবং গণমুখী হবে তা পর্যালোচনা করা হচ্ছে।
সওজ এখন তিনটি বিকল্পের কারিগরি ও আর্থিক মূল্যায়ন করছে। প্রথমত চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পুরো ২৩২ কিলোমিটার উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণের কথা ভাবা হচ্ছে। দ্বিতীয় বিকল্পে মোট সড়কের প্রায় এক–তৃতীয়াংশ এলিভেটেড করা হবে। তৃতীয় বিকল্পে কেবল বড় শহর, গুরুত্বপূর্ণ সংযোগস্থল এবং যানজটপ্রবণ এলাকাগুলোতে উড়ালপথ নির্মাণ করা হবে।
নতুন পরিকল্পনায় ফ্লাইওভারের পাশাপাশি নিয়ন্ত্রিত প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, ইন্টারচেঞ্জ, টোল আদায় এবং বাণিজ্যিক যানবাহনের চলাচল ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কোন বিকল্পটি চূড়ান্ত হবে, তার সিদ্ধান্ত এখনো হয়নি। সওজের পক্ষ থেকে নতুন মূল্যায়ন ও পর্যালোচনা করে তিনটি প্রস্তাবই প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে উল্লেখ করে সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পরই প্রকল্পটির ব্যাপারে চূড়ান্ত করা হবে। এরপরই অর্থায়নের ব্যাপারটি নিয়ে আলোচনা করা হবে।
অর্থায়নের ক্ষেত্রে পিপিপি পদ্ধতিতে বিনিয়োগ আকর্ষণের জন্য দেশি–বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে সূত্র বলেছে, এ ক্ষেত্রে ইনভেস্ট বাংলাদেশকে যুক্ত করে বিনিয়োগ অনুসন্ধানের চিন্তাভাবনাও সরকারের রয়েছে। সরকার পিপিপি পদ্ধতিতে না গেলে এডিবি ও অন্যান্য উন্নয়ন সহযোগীর সঙ্গে বৈদেশিক অর্থায়ন নিয়ে নতুন করে আলোচনা করা হবে।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দেশের প্রধান অর্থনৈতিক লাইফলাইন। আমদানি–রপ্তানির পণ্য পরিবহন, চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে পণ্য সরবরাহ, ঢাকা ও চট্টগ্রামের শিল্পাঞ্চলের যোগাযোগ এবং দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের বড় অংশ এই মহাসড়কের উপর নির্ভরশীল। এই মহাসড়ক ধরে প্রতিদিন প্রায় ৩০ হাজার যানবাহন চলাচল করে। এর মধ্যে ভারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের অংশ উল্লেখযোগ্য। বর্তমান যানবাহনের চাপ অব্যাহত থাকলে ২০৩০ সালে দৈনিক যানবাহনের সংখ্যা প্রায় ৬৬ হাজার এবং ২০৪০ সালে ১ লাখ ১৯ হাজার ছাড়িয়ে যেতে পারে বলেও বিভিন্ন সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।
দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যের ৯০ শতাংশের বেশি কোনো না কোনোভাবে এই মহাসড়কের উপর নির্ভরশীল বলে উল্লেখ করে সূত্র বলেছে, বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে স্বাভাবিক অবস্থায়ও ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগছে। যানজট, সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন স্থানে ধীরগতির যানবাহনের কারণে কখনো কখনো এই সময় আরও বেড়ে যায়। নতুন ফ্লাইওভার কিংবা এক্সপ্রেসওয়ে নির্মিত হলে যাতায়াতের সময় সাড়ে তিন থেকে চার ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব হবে বলেও সূত্র মন্তব্য করেছে।