
নিউজ ডেস্ক
ঢাকার সাভার এলাকায় পরিমাপ ও মান যাচাইয়ে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআইয়ের) মেট্রোলজি শাখা।
২৩ নভেম্বর পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. মুকুল মৃধা। তার সঙ্গে ছিলেন পরিদর্শক (মেট্রোলজি) সুবহানা নওশিন ও নাফিম শাহরিয়ার হোসাইন।
অভিযানে বলিয়ারপুরের যমুনা সিএনজি ফিলিং স্টেশনের দুটি ফুয়েল ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ সঠিক পাওয়া যায়। তবে ডিসপেন্সিং ইউনিটের ভেরিফিকেশন সনদ এবং স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে দ্রুত এসব সনদের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, আরিচা রোডের তালবাগ এলাকার আফজাল ফিলিং স্টেশনের তিনটি ফুয়েল ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ সঠিক পাওয়া যায় এবং প্রয়োজনীয় সনদগুলো হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।
এ ছাড়া নবীনগরের সাভার ক্যান্টনমেন্ট বোর্ড সুপারমার্কেটে অবস্থিত স্বপ্ন সুপারশপের দুটি ডিজিটাল স্কেলের পরিমাপ সঠিক ও সনদ হালনাগাদ পাওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি বিভিন্ন মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদও যাচাই করা হয়।
একই মার্কেটের চারটি প্রতিষ্ঠান—বি বাড়িয়া বাবুল বেকারী, সুমনা সুইট এন্ড বেকারী, কাকলী সুইটমিট ও সাভার সুইটমিটকে সতর্ক করা হয়। ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকা এবং নিট ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই পাউরুটি, কেক, ঘি ও দধি প্রদর্শনের কারণে তাদের এই সতর্কতা দেওয়া হয়। একই সঙ্গে দ্রুত সনদ ও পণ্যমোড়কজাত নিবন্ধন নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জনস্বার্থে বিএসটিআইয়ের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।